যেভাবে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন সৌদি অভিবাসীরা

বাংলাদেশে সৌদি অভিবাসী শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরুর দিনেই এর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে অভিবাসীদের মাঝে।

ঢাকার গুলশানের সৌদি দূতাবাসের সামনে রোববার সকাল থেকে জড়ো হন প্রবাসী শ্রমিকরা। এই শ্রমিকদের অধিকাংশেরই জিজ্ঞাসা, আকামা ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেটি নবায়ন করা হবে কীভাবে।

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে নিয়মিত বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের অনেকেই বিপাকে পড়েছেন।

সপ্তাহখানেক ধরে সৌদি আরবে যাওয়ার বিমান টিকেটের দাবিতে কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে প্রবাসী কর্মীরা বিক্ষোভ করছেন। সেখানে প্রবাসী শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল আজও।

তবে গুলশানের সৌদি দূতাবাস থেকে এই শ্রমিকদের জানানো হয়েছে যে দূতাবাস অনুমোদিত এজেন্সির সাথে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টির সমাধান করতে।

সৌদি এয়ারলাইন্সের অফিসে ও দূতাবাসের সামনে বিক্ষোভ করতে থাকা শ্রমিকদের অনেকেই করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বাংলাদেশে ফেরত আসেন। এখন আবার সৌদি আরব ফিরে যাওয়ার ক্ষেত্রে জটিলতার মুখে পড়ছেন তারা।

কারওয়ান বাজারে বিক্ষোভ করতে থাকা শ্রমিকদের অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় চলে আসলেও করোনাভাইরাস প্রতিরোধে সৌদি এয়ারলাইন্সের আরোপিত শর্ত মেনে টিকিট পাওয়ার ক্ষেত্রে জটিলতার মুখে পড়ছেন তারা। ফলে তাদের সৌদি আরব যাওয়া নিয়েই সন্দেহ তৈরি হয়েছে।

বিমান যাত্রার আগে নির্দিষ্ট সময় কোয়ারেন্টিন করা, দূতাবাসের নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভিড টেস্ট করা, বিমান ভ্রমণের আগে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্ধারিত ফর্ম পূরণ করা, সৌদি আরবে নামার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে তথ্য নিবন্ধন করার মত কিছু নির্দেশনা সেসময় দেয় সৌদি কর্তৃপক্ষ।

Originally posted 2020-09-27 18:08:28.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *